 |
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনক্রমে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানি পিছিয়েছে।
পাহাড় ধস ও বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য খালেদা জিয়া চট্টগ্রামে ব্যস্ত আছেন উল্লেখ করে সময় চান তার আইনজীবী অ্যাড. সানাউল্লাহ মিয়া।
রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. মো. আখতারুজ্জামান আগামী ৫ আগষ্ট অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য্য করেছেন।
মামলার অপর দুই আসামি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্নার জামিনের মেয়াদ বৃদ্ধি এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান অসুস্থ মর্মে সময়ের আবেদন করলে বিচারক তাও মঞ্জুর করেন।
মামলার অন্যতম আসামি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত বছর ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চার জনের নামে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের(দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলের সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।
জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ মামলায় খালেদা জিয়াসহ ৪জনকে অভিযুক্ত করে গত ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ খান।
১৭ জানুয়ারী খালেদা জিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিননামা দাখিল করেন। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর খালেদা জিয়া হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন
পান।
আসামিপক্ষে শুনানি করেন, অ্যাড. সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট ইকবাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহআলম তালুকদার।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ১, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর