ঢাকা: প্রথম কোনো নারী হিসেবে ব্রাজিলকে জুডোতে অলিম্পিক স্বর্ণ এনে দিয়েছেন সারাহ মেনেজেস। শনিবার অনূর্ধ্ব-৪৮ কেজি ওজন শ্রেণী বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে নেন এই ব্রাজিলিয়ান নারী। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই সারাহ এই ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রোমানিয়ার আলিনা দুমিত্রুকে হারিয়ে চমক উপহার দেন।
শুরুতে নার্ভাস লাগলেও ক্রমে নিজের অবস্থান সংহত করেন সারাহ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মিনিটে জয় ছিনিয়ে নেন তিনি। এর আগে একই ইভেন্টে শ্বাসরোধের কারণে সাময়িক অচেতন হয়ে পড়া হাঙ্গেরির ইভা সার্নোভিজকি পুনরায় লড়াইয়ে ফেরেন এবং ব্রোঞ্জ জিতে সবার প্রশংসা কুড়ান। কোয়ার্টার ফাইনালে সার্নোভিজকি বেলজিয়ামের চার্লিন ফন স্নিকের কাছে হেরে যান। যেখানে প্রতিপক্ষের করা শ্বাসরোধের প্রয়াস থেকে নিজেকে মুক্ত করতে গিয়ে এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্বিতীয়বার পদক লড়াইয়ের সুযোগ দেওয়া হয় এবং চীনের উ শুগেনকে হারিয়ে নতুন লড়াই শুরু সার্নোভিজকি। পরের ম্যাচে সাডেন ডেথ গোল্ডেন স্কোরে দুর্দান্ত পায়ের কারুকার্জে তিনি ধরাশায়ী করেন র্যাঙ্কিংসেরা তোমোকো ফুকুমিকে।
এদিকে এই ইভেন্টের দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন বেলজিয়ামের চার্লিন ফন স্নিক। পদক জয়ের পথে তিনি আর্জেন্টিনার পাউলো পারেতোকে হারান।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর