বিগত ৩ বছর যাবত নিজের মনের ভেতর একটি গল্প লালন করছিলেন সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা অপূর্ব। এক সময় নিজেই সেই গল্পটি রচনা করে এর নাট্যরূপ দিলেন।
কিন্তু এমন মনের মতো একটি গল্প নির্দেশনা কে দেবেন! এমন ভাবনার সহজ সমাধানে নিজেই নির্দেশনা দেবার সিদ্ধান্ত নিলেন অপূর্ব। গত ৩ অক্টোবর থেকে ঢাকার উত্তরায় অপূর্ব নির্দেশিত প্রথম টেলিফিল্ম ‘ব্যাকডেটেড’ এর কাজ শুরু হয়েছে।
এতে তার বিপরীতে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। নিজের প্রথম নির্দেশিত টেলিফিল্মের গল্পের মাধ্যমে সমাজের এই সময়ের তরুণদের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেবার লক্ষ্যেই টেলিফিল্মটি নির্মাণ করছেন অপূর্ব।
অপূর্ব এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘এখন আমাদের সমাজে এমন একটা সময় চলছে যেখানে সুখে থাকার জন্য আমরা সবাই একটার পর একটা অপশন খুঁজি। আমরা কেউ সাক্রিফাইজ করতে জানিনা, আবার কম্প্রোমাইজও করতে পারিনা। যে কারণে এক সময় জীবন থেকে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি।
অথচ আমাদের পিতা মাতা কিংবা অভিভাবকদের জীবনের দিকে তাকালে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ে যে তাদের জীবনে আর কিছু না থাকুক, শান্তি ছিলো। এই বিষয়টিই মূলত টেলিফিল্মটিতে তুলে ধরার চেষ্টা করা হবে।’
‘ব্যাকডেটেড’ টেলিফিল্মটিটি নির্মিত হচ্ছে এএসআই ক্রিয়েশনস লিমিটেডের ব্যানারে। প্রথমবারের মতো নির্দেশনা দেওয়া প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ অনেক কিছুই অগোছালো ছিলো। অনেকের সিডিউল মেলাতেও ঝামেলা হয়েছে। কিন্তু তারপরও এই নাটকে যারা কাজ করছেন তারা আমাকে বেশ সহযোগিতা করছেন।
অনেক কিছুই অনুকুলে ছিল না, তারপরও আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালোলাগবে। ’
অপূর্বর সাথে সারিকা প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘ঝগড়া বাড়ি’ নাটকে। এরপর আরও বেশ কয়েকটি নাটকে তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন। তবে সারিকা এই প্রথমবারের মতো অপূর্বর নির্দেশনায় কাজ করছেন।
সারিকা বলেন, ‘ খুব গোছালো একটি ইউনিটে কাজ করছি। অভিনেতা অপূর্বর চেয়ে নির্মাতা অপূর্ব অনেক বেশি সিরিয়াস। যে কারণে তিনি প্রত্যেকের কাছ থেকেই অভিনয় বের করে আনতে পারছেন।’
অপূর্ব জানান আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে। অপূর্ব ও সারিকা ছাড়া এ নাটকে আরও অভিনয় করছেন শর্মিলী আহমেদ, আবুল হায়াত, ডলি জহুর, কায়েস চৌধুরী, সাজ্জাদ মাহমুদ, শম্পা রেজা, কে এস ফিরোজ, শামীম প্রমুখ।
নবাগত তিশাও এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন/