 |
নিউইয়র্ক: জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ২৪ সেপ্টেম্বর।
উল্লেখ্য, এ অধিবেশন শুরু হবে ১৮ সেপ্টেম্বর অপরাহ্ন ৩টায়। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন বিষয়ে আলোচনার জন্যে উচ্চ পর্যায়ের বৈঠক। ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় শুরু হবে সাধারণ অধিবেশনের মূল অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা। সাধারণ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করা হতে পারে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার। তবে এ সময় এগিয়ে আনার চেষ্টা চলছে বলে জাতিসংঘ সচিবালয় থেকে জানা গেছে।
শেখ হাসিনা এবারও বাংলায় বক্তব্য উপস্থাপন করবেন। ২৮ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের কথা শেখ হাসিনার।
জাতিসংঘ সূত্র আরো জানায়, এবারও প্রতিনিধিদলে থাকবেন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা। জাতিসংঘের কর্মসূচি চলাকালেই প্রবাসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একান্তে মিলিত হবেন সভানেত্রী শেখ হাসিনা।
গতবারের মত এবারও নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন এবং তা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান হবে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারকুইজে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান এ তথ্য।
বাংলাদেশ সময় : ২২৪২ ঘণ্টা, আগষ্ট ০৮, ২০১২
এলএ/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com