রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে মতিহার থানার ধরমপুর, বিনোদপুর ও কাজলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা কাজলার সালমান (১৮), কোয়েস (১৬) ও তপু (১৮), বিনোদপুরের মুন্সি হৃদয় এবং মির্জাপুরের সোমেন (২০)। এ ঘটনায় মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু রাসেল মামলা করেছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, ১৯ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের পাশ্ববর্তী গার্ড রুমের কাছে বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রের কাছ থেকে ৫টি মোবাইল ও টাকা ছিনতাই করা হয়। বিষয়টি মতিহার থানা পুলিশকে জানানো হলে শনিবার ভোরে পাঁচ ছিনতাইকারিকে আটক করে তারা।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: শাহেদ হোসেন/এজে