 |
ঢাকা: আসছে ১৮ জুলাই অনুষ্ঠেয় বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেছেন, “উই নিড চেঞ্জ। বার কাউন্সিলে পরিবর্তন দরকার। সারা দেশের সব বারের আইনজীবীরা এ পরিবর্তন চান। ওই বিল্ডিংয়ের (বার কাউন্সিল) দিকে তাকালে আমি ডিপ্রেস হয়ে যাই। এ প্রতিষ্ঠানটির কোন উন্নতি নেই। তাই এ অবস্থার পরিবর্তনের জন্য ১৮ জুলাইয়ের নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে নির্বাচিত করতে হবে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সোমবার বিকালে ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এ কথা বলেন।
ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক সাইদুর রহমান, হেলাল উদ্দিন মোল্লা, অ্যাডভোকেট গিয়াস উদিন মিঠু প্রমুখ।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের হিসাব চান। অথচ নিজের সরকারের চুরির হিসাব দেন না। সরকার সমর্থকরা দীর্ঘ ২০ বছর ধরে বার কাউন্সিল পরিচালনা করছে। তারাও কোনো হিসাব দেননি। বর্তমানে ওই প্রতিষ্ঠানের স্বচ্ছতাও নেই। তাই বার কাউন্সিলের গৌরব ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্টের নাম করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। অথচ ১৪ মাস পেরিয়ে গেলেও ওই রায় দিনের আলো দেখেনি।”
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমইএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর