বরিশাল: নিজ হেফাজতে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাত্রীবাহী ঈগল পরিবহনের এক সুপারভাইজারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ প্রথম অতিরিক্ত আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি যশোর নাভারণ রেলবাজার এলাকার মো. কামরুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১০ সালের ১১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বরিশালের উজিরপুর উপজেলার ইচালাদি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।
সেখানে ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি করে ওই বাসের সুপারভাইজার কামরুলকে আটক করে র্যাব। পরে তার কাছ থেকে ১শ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
এ ঘটনায় ১২ জুলাই র্যাব-৮ এর ডিএডি জামিন উদ্দিন বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় কামরুল ছাড়াও তার সহযোগী খলিলুর রহমানকে আসামি করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী খলিলকে অব্যাহতি দিয়ে কামরুলকে অভিযুক্ত করে ৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর