নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে বৃহস্পতিবার সকালে কালু বেপারী (৪০) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, বরিশাল থেকে ঢাকার ফেরার পথে ব্যবসায়িক অংশীদাররা পরিকল্পিতভাবে কালু বেপারীকে নদীতে ফেলে হত্যা করেছে। পুলিশ অভিযুক্ত তিন অংশীদারকে গ্রেফতার করেছে।
নিহত কালু বেপারী ও গ্রেফতার হওয়া তিনজনের বাড়ি ঢাকার পোস্তগোলা এলাকায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব নিহতের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, গত শনিবার রাতে কালু বেপারী ও তার ব্যবসায়িক অংশীদার ফজল, বাপ্পী ও মামুন গরু কিনতে বরিশাল যান।
মঙ্গলবার রাতে তারা লঞ্চে করে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সবাই বাড়ি ফিরলেও কালু বেপারী ফেরেন নি।
এদিকে বুধবার সকালে কালুর তিন ব্যবসায়িক অংশীদার ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করতে যান। তাদের বক্তব্য ছিল, কালু বেপারী ফতুল্লা লঞ্চ ঘাটে নামার পর নিখোঁজ হন। কিন্তু পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে।
এদিকে বৃহস্পতিবার সকালে ফতুল্লার বক্তাবলী ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে কালু বেপারীর লাশ উদ্ধার করা হয়। তার ছেলে রিপনের দাবি, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এসআই হাবিব আরও জানান, তিনজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর