চট্টগ্রাম: ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানকে মিথ্যা মামলায় গ্রেফতারের পরিণাম শুভ হবে না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আটক বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
আবদুল্লাহ আল নোমান বিবৃতিতে বলেন, ‘মিথ্যা মামলা, হামলা ও পুলিশি নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতার মসনদ রক্ষা করতে পারবে না। মিথ্যা মামলা ও দমন-পীড়ন যত তীব্র হবে, সরকার পতনের আন্দোলন তত বেশি ত্বরাম্বিত হবে।’
সরকারের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান বলেন, যেকোনো মুহূর্তে গণ-আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হতে পারে। তাই সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মিথ্যা মামলায় বিএনপি নেতাদের গ্রেফতার করছে।’
তিনি অবিলম্বে চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানসহ হরতাল চলাকালে মিথ্যা মামলায় চট্টগ্রামে আটক বিএনপি নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এআরএম/টিসি