চট্টগ্রাম: প্রবল বর্ষণে বন্দরনগরী চট্টগ্রাম কার্যত সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চট্টগ্রামের সঙ্গে বিমান ও রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোর থেকে রাত অবধি টানা বর্ষণে চট্টগ্রাম পুরো নগরী ও এর আশপাশ এলাকা পানিতে তলিয়ে গেলে এ নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিন বিকেল থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে পাহাড়ী ঢল ও বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ওই এলাকায় যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন।
তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনও চালু রয়েছে।
প্রবল বর্ষণে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে পানিতে নিমজ্জিত হওয়ায় এখানে সকল প্রকার ফ্লাইট উঠানামাও বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
এছাড়া, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় একটি রেলওয়ে সেতু ভেঙে যাওয়ায় রাত ৮টা থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগও বন্ধ হয়ে যায় বলে রেলওয়ে সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর