শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে ২৪ ঘণ্টার ব্যবধানে ২ খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবি ও সোমবার ২৪ ঘন্টার ব্যবধানে শেরপুরের শ্রীবরদী উপজেলায় শেরপুর-শ্রীবরদী সড়কে অটোরিকশাচালক ও পূর্ব ঝিনিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে ৫ম শ্রেণির ছাত্র খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার সিএনজিচালিত অটোরিকশাচালক আক্কাছ আলী (২৫) শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে ৫ জন যাত্রীসহ শ্রীবরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লংগরপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা দূর্বৃত্তরাই চালক আক্কাছ আলীকে অটোরিকশা থেকে নামিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে রাতে পথচারীরা আক্কাছের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সোমবার রাতে পূর্ব ঝিনিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে ইলিয়াছ আলী (১৩) নামে ৫ম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই শিশুকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ জনকে আটক করেছে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরে শেরপুর-শ্রীবরদী সড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। তারা জানান, একের পর এক দুর্ঘটনার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশের তৎপরতা কমে যাওয়ায় এসব ঘটনা বেশি ঘটছে বলেও তারা অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর