 |
ঢাকা: কে বলেছে রকিবুল হাসান টি-টোয়েন্টি পারেন না? তিনি যে ২০ ওভারের খেলাতেও ভালো তা প্রমাণ করে দিলেন জাতীয় দলের বিপক্ষে ১৪০ রানের ঝড়ো ইনিংস খেলে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬২ বলে সমান ১৪টি চার ও ছয় হাঁকিয়ে অনবদ্য ওই ইনিংসটি খেলেছেন রকিবুল।
আসলে রকিবুলের ইনিংসটি ছিলো একাডেমি মাঠে। ক্রিকেটের ম্যাচের জন্য একাডেমির মাঠটি আদর্শ নয় । তারপরেও জাতীয় দলের বোলারদের বিরুদ্ধে অত ভালো একটা ইনিংস খেলা চাট্টিখানি নয়। ‘এ’ দলের ওপেনার শাহরিয়ার নাফীস শেষপর্যন্ত খেলেছেন। ৫০ বলে খেলা তার ৮৫ রানের অপরাজিত ইনিংসটিও সুন্দর ছিলো। আটটি চার ও ছয়টি ছয় হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
জাতীয় দলের ২৪৩ রানের ইনিংস মূলত ‘এ’ দলের দু’জন ব্যাটসম্যান মোকাবেলা করেছেন। শাহরিয়ার নাফীস এবং রকিবুলের ব্যাটে ভর করে ১৯.১ ওভারে আট উইকেটে জয় নিশ্চিত করে ‘এ’ দল।
জাতীয় দল ২০ ওভারে ২৪৩ রান তুলতে নয় উইকেট হারিয়ে ফেলেছিলো। দুই ওপেনার জহুরুল ইসলাম এবং জুনায়েদ সিদ্দিকী জুটি গড়ে তুলতে পারেননি। সাকিব আল হাসান ১৩ বলে ২৮ রান করে নাঈম ইসালামের শিকার হয়েছেন। নাসির হোসেন ১১ বলে ২০ রান নিয়ে সাজঘরে ফিরেছেন সাহাদাত হোসেনের বলে ক্যাচ তুলে। তবে অধিনায়ক মুশফিকুর রহিম এবং জিয়াউর রহমানের মধ্যে ভালো জুটি হয়। মুশফিক ২৬ বলে ৫৯ রান আর জিয়া ২৭ বলে ৬৮ রান করেন। ২০ রান করেন আবুল হাসান রাজু।
এ দলের পক্ষে পেসার ফরহাদ রেজা এবং স্পিনর এনমুল হক জুনিয়র ও নাঈম ইসলাম দুটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএ