কণ্ঠশিল্পী জয়ী আহমেদ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ২ ও ৪ ডিসেম্বর পরিবেশন করবেন দেশের গান ও হারানো দিনের গান।
চন্দ্রাবতী একাডেমী আয়োজিত ১ থেকে ৮ ডিসেম্বর ‘মুক্তির সংগ্রাম প্রকাশনা উৎসব ও চিত্র প্রদর্শনী’ শিরোনামের এ অনুষ্ঠান উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়ী সংগীত পরিবেশন করবেন দুইদিন।
অনুষ্ঠানে দেশের গান, হারানো দিনের গান, ফোক ও রবীন্দ্র সংগীতের আয়োজনসহ থাকবে নাচের অনুষ্ঠান।
নিজের গান প্রসঙ্গে জয়ী বাংলানিউজকে বলেন, “আমার সঙ্গে ছায়ানটসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিল্পীরাও গান করবেন। সেই সাড়ে চার বছর বয়স থেকে গানের সঙ্গেই আছি। এ অনুষ্ঠানে আমি দেশের গানের পাশাপাশি হারানো দিনের বেশ কিছু গান করব। দূরবীন ব্যান্ডের সৈয়দ শহীদ ভাইয়ের সঙ্গে ‘একজীবন-২’ অ্যালবামে গাওয়ার পর বেশ ভালো সাড়া পেয়েছি। নতুন বছরে মিক্সড অ্যালবাম আসবে। কয়েকটি সিনেমায় গান গাওয়ারও কথা চলছে। আশা করছি এ অনুষ্ঠানে আমার করা গানগুলো সবার ভালো লাগবে।”
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর