চাদপুর: চাঁদপুরে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে সুজন মিয়া (১৯) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। অপরদিকে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান(৪৫) নামে একজন নিহত হয়েছেন।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সুজন তার বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শুক্রবার দুপুর আড়াইটায় বিষপান করে। পরে তাকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে চাঁদপুর সদর হাসপাতলে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে কর্তব্যরত ডাক্তার সুজনকে মৃত ঘোষণা করেন।
সুজন মিয়ার বাবার নাম তফাজ্জল হোসেন, গ্রাম রাধাসাম, পো: বাকিলা উপজেলা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর।
অপরদিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের চাঁনখার দোকান এলাকায় দুপুর দেড়টায় কুমিল্লা থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ বাস ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করালে হাবিবুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর গুরুতর আহত আইয়ুব আলী খান (৪২) চিকিৎসাধীন রয়েছে। আহত এবং নিহত দুজনের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুরে।
দুটি ঘটনাই চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা: সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৮,২০১২
কাদের পলাশ/
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর