 |
ঢাকা: আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা না চালানোর অনুরোধ জানানোর পাশাপাশি নেতাকর্মীদের অতি উৎসাহী না হওয়ার আহবান জানিয়েছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি।
বৃহস্পতিবার কাপাসিয়ার দরদরিয়ার নিজবাড়িতে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহবান জানান।
বুধবার কাপাসিয়া পাইলট স্কুলে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথম নির্বাচনী কর্মীসভার পর দিনই আবারও নেতাকর্মীদের সঙ্গে নিজ বাড়িতে এই বৈঠক করলেন রিমি।
রাজধানীর বনানীর ডিওএইচএস’র বাসা থেকে রওয়ানা হয়ে দুপুর ১২টায় দরদরিয়ায় পৌছান রিমি। এরপর ধারাবাহিকভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ সহ অন্য সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগের পক্ষে সিমিন হোসেন রিমির নির্বাচনী কার্যক্রম সমন্বয়কারীদের অন্যতম দলের জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন এবং অতি উৎসাহী আচরণ না দেখান সেজন্য আপা (সিমিন হোসেন রিমি) নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।”
আমানত হোসেন খান বলেন, “আগামী ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী কেন্দ্রের দলীয় কমিটি গঠনের কাজ চলবে।”
রিমির সঙ্গে নেতাকর্মীদের এসব পৃথক বৈঠকে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সাবেক সংসদ সদস্য শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ খান প্রমুখ।
বৃহস্পতিবার বিকেলেই কাপাসিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা সিমিন হোসেন রিমির।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
এআই/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর