 |
| ছবি: জীবন আমীর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: অগ্নিসংযোগ ও ভাঙচুরের মধ্য দিয়ে বৃহস্পতিবার জামায়াতের হরতাল শুরু হয়েছে। হরতালের শুরুতে সকালে রাজধানীতে যানচলাচল কম দেখা গেছে।
প্রেসক্লাব, বিজয়নগর, দৈনিক বাংলা, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় এলাকায় তেমন যান চলাচল চোখে পড়েনি।
অন্যান্য সময়ের হরতালের চেয়ে রাস্তার মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনী বেশি দেখা গেছে। সরকারি এম্বুলেন্স, রায়ট কার, জলকামান রাস্তায় টহল দিচ্ছে।
এদিকে, আজিমপুর মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সকাল ৭টা পর্যন্ত বড় কোন সহিংসতার ঘটনা ঘটেনি। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সচিবালয়ের প্রবেশ মুখে পুলিশ বেরিকেড দিয়ে বন্ধ করে রেখেছে।
তোপখানা রোডের সেগুনবাগিচা গলির মুখে ৭টা ১৮ মিনিটে সালার চটে আগুন দিয়েছে পিকেটাররা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে ১০ থেকে ১৫ জন গলির মুখে এসে মিছিল করার চেষ্টা করে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই গলির মুখে সালার চটে আগুন দেয় পিকেটাররা।
পুলিশ এসে তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এমএম/এটি/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম