কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ছিনতাই প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ মাইকিং করেছে। একইসঙ্গে বিতরণ করা হয়েছে লিফলেট।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, সম্প্রতি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও র্যাব পরিচয় দিয়ে টাকা ছিনতাই করছে।
ওই ভুয়া র্যাব ও পুলিশের কবল থেকে রক্ষা পেতে ও জনগণকে সচেতন করার লক্ষ্যে কালিয়াকৈর থানা এ উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বিভিন্ন ব্যাংকে চিঠিও বিতরণ করা হয়েছে। তাছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের ধরতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
এরপরও এমন কোনো ঘটনা ঘটলে দ্রুত স্থানীয় থানা ও পুলিশ ফাঁড়িতে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর