৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:১৮ পিএম BDST banglanew24
05 Jul 2012   04:59:37 PM   Thursday BdST
E-mail this

তামিম ছাড়া সবাই ছিলেন


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তামিম ছাড়া সবাই ছিলেন
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় দলের শেষ খেলা ছিলো ২২ জুন জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। ১২ দিন পরে আবার ব্যাটেবলের অনুশীলন হয়েছে। আরেকটি সফরকে সামনে রেখে তৈরি হচ্ছেন ক্রিকেটাররা।

তামিম ইকবাল ছাড়া সবাই মাঠে উপস্থিত ছিলেন। উরুর পেশিতে টান থাকায় বিশ্রামে আছেন তামিম। তারওপর জ্বর হওয়ায় সকালে মাঠে থাকতে পারেননি। সেরে উঠতে আরও কয়েকটা দিন লেগে যাবে। মোবাইলফোনে বৃহস্পতিবার বাংলানিউজকে তামিম জানালেন, চারদিন পর থেকে নেট সেশন করবেন। ৯ এবং ১০ জুলাই শেষ দুই দিন প্র্যাকটিস করতে পারেন তিনি।

১১ জুলাই আয়ারল্যান্ড গেলেও খেলার আগে যথেষ্ট সময় পাবেন ফিটনেস ফিরে পেতে। ১৮ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে। তারও আগে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অতএব তামিমকে নিয়ে ফিজিও, ট্রেনার এবং কোচের দুশ্চিন্তার কারণ নেই।   

ফিজিও বিভাব সিংয়ের ছাড়পত্র পাওয়ার পরই তামিমকে জাতীয় দলের জন্য বিবেচনা করেছেন নির্বাচকরা। কোনো কারণে তামিম আয়ারল্যান্ড যেতে না পারলে বিকল্প হিসেবে সাব্বির রহমানকে ১৫ সদস্যের স্কোয়াডে নেওয়া হতে পারে। তবে তামিম ইউরোপ সফর মিস করবেন না, ‘আমাকে দুই সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে। এখনও শেষ হয়নি। চোটের জায়গাটা ফুলে আছে। আরও চারদিন হয়তো জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবো না, জিম করবো। আয়ারল্যান্ড যাওয়ার পরেও যথেষ্ট সময় পাওয়া যাবে। খেলতে কোনো সমস্যা হবে না।’

জিম্বাবুয়ে সফরের সময় বিশ্রামে থাকলেও সাকিব আল হাসান অনুশীলন করেছেন। ১ জুলাই থেকেই তিনি জিম করছেন। দলের সঙ্গে প্রথম অনুশীলনে ফিটনেস পরীক্ষা দেওয়ার পর নেট সেশন করেছেন শীর্ষ অলরাউন্ডার। অনুশীলনের ফাঁকে বাঁহাতি অলরাউন্ডার আয়ারল্যান্ড সফর সম্পর্কে বলছিলেন, ‘জিম্বাবুয়েতে যাইনি, আয়ারল্যান্ড যাচ্ছি। চেষ্টা করবো এশিয়া কাপ এবং আইপিএলের ধারাবাহিকতায় খেলতে। আমাদের লক্ষ্য থাকবে সবগুলো ম্যাচ জেতা। এখন আমাদের যে দল আছে এবং আমরা যদি সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যে কোনো কন্ডিশনে ভালো খেলা সম্ভব।‘

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ দল। জিম্বাবুয়েতে খেলেছে ত্রিদেশীয় সিরিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার পর ত্রিনিদার এন্ড টোবাগোতেও চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বিসিবি একাদশ নামে। সব মিলে জাতীয় দলের প্রস্তুতিটা ভালোই হবে। এছাড়াও আগস্টে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে জাতীয় দলের অনেক ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। সাকিব এসএলপিএলকে বড় একটা সুযোগ মনে করছেন, ‘যত বেশি ক্রিকেটার আমাদের দেশ থেকে শ্রীলঙ্কায় খেলতে পারবে তত ভালো হবে। এতে কন্ডিশনে অভ্যস্ত হতে পারবে। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা হবে।’

চোট থেকে ফিরে মাশরাফি বিন মুর্তজা আগের ফর্মে ফিরতে সংগ্রাম করছেন। টি-টোয়েন্টি ক্রিকেট হওয়ায় নড়াইল এক্সপ্রেসের জন্য ভালো হয়েছে। অন্তত আগামী তিন মাস ৫০ ওভার এবং চার দিনের খেলা নিয়ে ভাবতে হবে না। ডানহাতি এই পেসার বলছিলেন,‘আগের মতো ফিটনেস পেতে এক বছর লেগে যাবে। ধীরে ধীরে উন্নতি করছি। আমার ক্ষেত্রে ফিটনেস হলো আসল। টি-টোয়েন্টি খেলা হওয়ায় আমার জন্য ভালো হয়েছে।’

অনেক দিন পরে জাতীয় দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। একসঙ্গে অনুশীলন করতে তার ভালোই লেগেছে, ‘একা একা আমি প্র্যাকটিস করেছি। কিন্তু সবার সঙ্গে প্র্যাকটিসের মজা আলাদা। আমার কাছে ভালো লাগছে।’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান