বার্নাব্যু: রায়ো ভায়েকোনোর বিপক্ষে শুরুতেই সার্জিও রামোসকে হারিয়ে শঙ্কায় পড়ে যায় রিয়াল মাদ্রিদ। ১০ জনের দল নিয়েও হতাশ হতে হয়নি। স্প্যানিশ লিগের শততম ম্যাচে রোববার হোসে মরিনহোকে ২-০ গোলের জয় উপহার দিয়েছে তাঁর শিষ্যরা।
রিয়ালের সঙ্গে তিন মৌসুম কাটিয়ে শততম ম্যাচের মাইলফলক ছুঁলেন মরিনহো। লিগে তাঁর অর্জন ৭৬ জয়, ১৩ ড্র ও ১১ হার।
মরিনহো তাঁর মাইলফলক ছোঁয়ার ম্যাচে করিম বেনজেমাকে বেঞ্চে বসিয়ে রাখেন। ফরাসি তারকার স্থলাভিষিক্ত হন ২০ বছরের আলভারো মোরাতা। তৃতীয় মিনিটে তরুণ এ স্প্যানিশ স্ট্রাইকারের গোলেই এগিয়ে যায় রিয়াল। ১২ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন রামোস। কিন্তু দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে ১৮ মিনিটে দশজনের রিয়ালে পরিণত করে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার।
তবে রিয়ালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে কোনো ধরনের অঘটন ঘটাতে পারেনি ভায়েকানো।
এ জয়ে রিয়াল তৃতীয় স্থানেই রয়েছে। ভায়োদাদের মাঠে ৩-০ গোলে জেতায় তাদের সঙ্গে চার পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ পয়েন্টে এগিয়ে থেকে অ্যাটলেটিকোর উপরে বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম