 |
| ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: মমতা ব্যানার্জীর সম্বর্ধনা অনুষ্ঠান খুব ভালো লেগেছে সাকিব আল হাসানের। প্রত্যাশার চেয়েও বেশি সম্মান পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গের নগরিক সম্বর্ধনার জন্য তাকে কলকাতায় একটা দিন বেশি থাকতে হয়। সময়টুকু বেশ কেটেছে বাঁহাতি অলরাউন্ডারের। বুধবার সকালে দেশে ফিরে বলছিলেন,‘সম্বর্ধনা অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। মমতা ব্যানার্জী আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন। আমাদের এখানেও ভবিষ্যতে এধরণের সম্বর্ধনা দিলে ভালো হবে।’
সাকিব জানান, আর্থিক কোন পুরষ্কার দেয়া না হলেও ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের প্রতিটি সদস্যকে স্বর্ণের হার উপহার দিয়েছেন। এছাড়াও কেকেআর কর্তৃপক্ষ এলইডি টেলিভিশন, স্পিকারসহ আরও বেশকিছু উপহার দিয়েছে। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীও প্রশংসা করেছেন সাকিবের।
কলকাতা নাইট রাইডার্স আইপিএলে প্রথম শিরোপা জেতে সোমবার ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে। শাহরুখ খানের দলের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে নাইট খেলোয়াড়দের নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। নাইটের ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে সম্বর্ধনা পেয়েছেন সাকিব।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপিএল নিয়ে অনেক কথাই বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে সবগুলো ম্যাচ খেলতে না পারার আক্ষেপ ঝড়েছে তার কন্ঠে,‘যে ম্যাচগুলোতে খেলার সুযোগ হয়নি তার জন্য কিছুটা আক্ষেপ আছে। ইচ্ছে ছিলো সবগুলো ম্যাচ খেলার। সেটা হয়নি। তবে চ্যাম্পিয়ন দলের অংশ হতে পরা অনেক সম্মানের। যে কয়টি ম্যাচগুলো খেলেছি চেষ্টা করেছি নিজের দায়িত্ব পালন করতে।’
কলকাতায় সম্বর্ধনা অনুষ্ঠান শাহরুখ খানের সঙ্গে সাকিবও নেচে গেয়ে উদযাপন করেছেন। খুব কাছ থেকে বলিউড বাদশার ‘সেলিব্রেশন’ দেখে মুগ্ধ সাকিব। তার মতে,‘আগের চার মৌসুমে কলকাতার কোন সাফল্য নেই। পাঁচ বছর পর শিরোপা জেতায় শাহরুখ খুব খুশি হয়েছেন। এই জয়টাকে তিনি সত্যিই খুব উপভোগ করেছেন। শিরোপাটা দরকার ছিলো কলকাতার জন্য।’
ব্যস্ত অভিনেতার পক্ষে নিয়মিত ক্রিকেট দেখা সম্ভব হয় না। তবে ভারতের খেলা হলে টিভির পর্দায় চোখ রাখেন। এশিয়া কাপে ভারত বাংলাদেশের খেলা দেখেছেন। টুর্নামেন্টে দারুণ খেলেছেন শীর্ষ অলরাউন্ডার। এশিয়া কাপের সেরা খেলোয়াড়ের প্রসংশা করেছেন শাহরুখ। সাকিব বলছিলেন,‘তার কাছে জানতে চেয়েছিলাম বাংলাদেশের খেলা দেখে কি না। তিনি বলেছেন ব্যস্ততায় খুব একটা দেখতে পারেন না। তবে এশিয়া কাপের খেলা দেখে ভালো লেগেছে তার। বলেছেন এশিয়া কাপে তুমি ভালো খেলেছো কিন্তু ভারতের বিপক্ষে তোমরা জিতলে তো আমার ভালো লাগবে না।’
আইপিএল শিরোপা জেতার চেয়েও জাতীয় দলের হয়ে একটি ম্যাচ জেতা অনেক বেশি আনন্দের মনে করেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার,‘এধরণের একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ভালো লাগে। তবে আমার কাছে জাতীয় দলের হয়ে যে কোন ম্যাচ জেতার আনন্দ অনেক বেশি। অনেক সম্মানের। আমি দেশের হয়ে খেলতে বেশি পছন্দ করি।’
অনেক দিন ধরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলছেন সাকিব। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও টেস্ট ক্রিকেটের আকর্ষণ একটুও কমেনি তার কাছে,‘অনেক দিন হয় টেস্ট খেলি না। টেস্ট খেলা তো ভুলেই গেছি।’
আইপিএল ফাইনালে সাকিব একটি ক্যাচ নিয়েছেন, একটি উইকেট আর অপরাজিত ১১ রান করেছেন। মনোজ তিওয়ারিকে নিয়ে খেলা শেষ করেছেন সাকিব। সে জন্য তাকে মাথায় তুলে নিয়েছিলেন দলের সবাই।
এ বছর ৮ ম্যাচে ১২ উইকেট আর ব্যাট হাতে ৯১ রান করা সাকিব ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায় সেরা অলরাউন্ডারের স্বীকৃতিও পেয়েছেন। ভিনদেশের একটি টুর্নামেন্টে তার এই সাফল্য সম্পকে বলেন,‘এটা তো বাংলাদেশেরই গর্ব। অন্য একটা দেশে গিয়ে যদি ভালো করতে পারি সেটা দেশের জন্যও ভালো হবে।’
তিনি জানিয়েছেন কেকেআরের সঙ্গে সর্বমোট ৩ বছরের চুক্তি থাকায় আগামী মৌসুমেও খেলা প্রায় নিশ্চিত। তবে সবকিছু ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে। তারা ইচ্ছা করলে যে কাউকে বাদ দিতে পারে।
কলকাতায় খেলতে গিয়ে অবজ্ঞার শিকারও হয়েছেন। সব মিলে আট ম্যাচ খেলেছেন। সাকিবের দুঃখটা অন্য জায়গায়,‘সহকারী কোচ বিজয় দাহিয়া আমাকে ডেকে বলেছিলেন তোমাকে তো দলে নিয়ে নিলাম। তার কথার পর আমার আরেকটু খারাপ লেগেছিল। আমি তাকে বলেছিলাম আমাকে নিয়মিত সুযোগ দেন আমি কিছু করতে চাই।’
সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তার আগে বেশ কিছু সিরিজও আছে। এ কারণেই কাউন্টি ক্রিকেটে খেলতে যেতে পারছেন না জাতীয় দলের এই ক্রিকেটার। সাকিব বলেন,‘টি-টোয়েন্টি ক্রিকেটের আগে এতগুলো ম্যাচ না খেলতে পারলেই আমার জন্য ভালো হতো। কারণ একটানা তো ক্রিকেটের মধ্যেই আছি। তবে দলের জন্য এটা ভালো। যত ম্যাচ খেলব ততো ভালো হবে।’
এবছর সাকিবের সঙ্গে তামিম ইকবালও আইপিএলে খেলতে গিয়েছিলেন। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার ফাইনালসহ আটটি ম্যাচ খেললেও তার বন্ধু তামিম ইকবালকে বসিয়ে রেখে বিদায় দিয়েছেন পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তামিমকে এভাবে অবজ্ঞা করার কোন মানে খুঁজে পাননি সাকিব,‘কেন তামিমকে খেলায়নি আমি সেটাই বুঝতে পারি না। ওর মতো একজন ওপেনারকে খেলালে আমার মনে হয় পুনের লাভ হতো।’
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ৩০, ২০১২
এসএ