 |
| ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
রাজশাহী: জেলাবাজেট প্রণয়ন না হওয়ায় প্রধানমন্ত্রী বরাবর ‘অভিমানপত্র’ পাঠিয়েছেন রাজশাহীর শতাধিক সচেতন নাগরিক।
জনগণের হতাশা ও বেদনার কথা প্রধানমন্ত্রীর নজরে আনার উদ্দেশে অভিমানপত্র পাঠানোর ব্যতিক্রমী এ কর্মসূচি গ্রহণ করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন কমিটি।
শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর ঘোড়ামারা পোস্ট অফিসের মাধ্যমে শতাধিক অভিমানপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর বরাবর পাঠানো হয়।
এর আগে মহানগরীর আলুপট্টি মোড়ে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির উদ্যোগে শনিবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, ``আমাদের টাকায় যে বাজেট প্রণীত হয়, তাতে আমাদের মতামতের কোনো প্রতিফলন থাকে না। অথচ আমাদের উন্নয়ন পরিকল্পনার চাবি আমাদের হাতেই থাকা জরুরি। ঢাকায় বসে আমাদের কী প্রয়োজন, তা কখনোই জানা সম্ভব নয়।``
বক্তারা আরও বলেন, ``এরই মধ্যে ২০১২-১৩ সালের বাজেট সংসদে উপস্থাপিত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, অর্থমন্ত্রীর প্রতিশ্রুতির ৩ বছর পার হলো, কিন্তু এ বছরও জেলাবাজেটের কোনো ঘোষণা এলো না। সে কারণে আগামী বছর থেকে অবশ্যই জেলা বাজেট প্রণয়ন করতে হবে।``
মানববন্ধন চলাকালে গণতান্ত্রিক বাজেট আন্দোলন স্টিয়ারিং কমিটির সদস্য এবং দৈনিক ‘সোনার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান মিল্লাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুল, নাগরিক নেতা ডা. এফ.এম.এ জাহিদ, দৈনিক বণিকবার্তার ব্যুরো প্রধান মেহেরুল হাসান সুজন, তারুণ্যের ফোরাম নেতা রুহুল আমিন এবং গণতান্ত্রিক বাজেট আন্দোলনের অন্যতম সদস্য রাশেদ রিপন প্রমুখ।
প্রসঙ্গত, জাতীয় বাজেটে গণতন্ত্রায়ন ও বিকেন্দ্রীকরণের লক্ষে বিভিন্ন জেলা ও উপজেলার নাগরিক কমিটি, উন্নয়ন সংগঠন, তৃণমূল সংগঠন, সংবাদমাধ্যম ও সমাজের অন্যান্য অগ্রসর চিন্তাধারার ব্যক্তিদের নিয়ে গণতান্ত্রিক বাজেট আন্দোলন কমিটি ২০০৯ সালে যাত্রা শুরু করে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com