খারকিভ: ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলো ফেভারিট নেদারল্যান্ডস। বিশ্বকাপের রানার্সআপরা ০-১ গোলে হেরেছে ডেনমার্কের কাছে। একমাত্র গোলটি করেন ড্যানিস মিডফিল্ডার মাইকেল ক্রন-দেলি।
রেফারি বাঁশিতে ফু দেওয়ার পর থেকে আক্রমণে ছিলেন রবিন ফন পার্সি, আরিয়েন রোবেন ও ওয়েসলে স্নাইডাররা। কিন্তু এদিন ভাগ্য ডাচদের সহায়তা করেনি। পাল্টা আক্রমণ থেকে ডাচ গোলরক্ষক মার্টেন স্টেকলেনবার্গকে বোকা বানান মাইকেল ক্রন-দেলি (২৪মি:)। গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে জড়িয়ে দেন ক্রন-দেলি।
পিছিয়ে পড়ে একের পর আক্রমণ চালাতে থাকে ডাচ শিবির। কিন্তু ভাগ্যের সহায়তা পাচ্ছিলো না প্রতিযোগিতার অন্যতম ফেভারিটরা। ৩৪ মিনিটে রোবেনের শট ফিরে আসে ক্রসপিচে বাধা পেয়ে। হতাশা নিয়েই বিরতিতে যেতে হয় ফন পার্সিদের।
পরের অর্ধে আক্রমণের ধার আরও বারিয়ে দেয় নেদারল্যান্ডস। এবারও গোলের দেখা মেলেনি। এদিকে কয়েকটি পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাত ছাড়া করে ডেনিসরা। তবে বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিতে পারেনি কোন পক্ষ।
‘বি’ গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অব ডেথ হিসেবে। তার প্রথম শিকার হতে হলো শক্তিশালী নেদারল্যান্ডসকে। ম্যাচে প্রতিপক্ষের জালে ৮টি শট নেয় ডেনমার্ক। বিপরীতে ৩২টি শট নিয়ে সফল হয়নি ডাচ বাহিনী। বলের দখলেও ড্যানিশদের চেয়ে এগিয়ে ছিলো ডাচ শিবির। ৫৬ শতাংশ বল নিয়ে খেলে শেষে কি না মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় স্নাইডারদের।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুন ১০, ২০১২
এমএইচ
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস