ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিক্ষোভ সমাবেশ করেছে।
প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদাসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঝিনাইদহ সদর উপজেলা সভাপতি মখলেছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা, জাকির হোসেন, আবু মাসুদ, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, জিল্লুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।
শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের প্রথম শ্রেণির মর্যাদা, প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন, প্রধান শিক্ষকদের ৮০% ভাগ কোটা সংরক্ষণ, বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে ও ডিপিইওদের ৫ গ্রেডে উন্নীত, করতে হবে।
এছাড়া পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য নিয়োগ বিধি প্রণয়ন, অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু ও প্রাথমিক শিক্ষা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শিক্ষকরা দাবি করেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর