৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৫৭ এএম BDST banglanew24
20 Jan 2013   10:52:19 AM   Sunday BdST
E-mail this

গওহর রিজভীকে খুশি করতে রিজেন্ট এয়ারের তোড়জোড়!


ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গওহর রিজভীকে খুশি করতে রিজেন্ট এয়ারের তোড়জোড়!

ঢাকা: উড়োজাহাজ বিকল হওয়ায় গত ২৩ ডিসেম্বর ঢাকা-যশোর রুট বন্ধ করে দেয় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। ২২ ডিসেম্বর রিজেন্টের বহরে থাকা দুটি ড্যাশ-৮ উড়োজাহাজের একটি অচল হয়ে যায়।

উড়োজাহাজ বিকল হয়ে যাওয়ায় রিজেন্ট ঢাকা-চট্টগ্রাম রুটের ১০টি ফ্লাইটের দুই থেকে তিনটি কমিয়ে দেয়, আর ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেট রুটে জোড়াতালি দিয়ে একটি ফ্লাইট চালু রাখে। কিন্তু ঢাকা-যশোর রুটে চারটি ফ্লাইটই বন্ধ করে দেওয়া হয়।

এতে দক্ষিণাঞ্চলের শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। টানা তিনদিনে তাদের ২৮টি ফ্লাইট বাতিল হয়। এ অবস্থায় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে যাত্রীরা যশোর রুটে কমপক্ষে একটি ফ্লাইট চালুর করার দাবি জানায়। কিন্তু এতে সাড়া দেয়নি এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষ সাড়া না দিলেও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীকে খুশি করতে কার্পণ্য করে নি। চট্টগ্রাম রুটের ফ্লাইট কমিয়ে বিশেষভাবে যশোর রুট চালুর ব্যবস্থা করা হয় তার জন্য। বন্ধ রুটে উপদেষ্টার এ অভিনব তোড়জোড়ে বিস্মিত হয়েছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা। বাংলানিউজের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে।

নাম না প্রকাশের শর্তে একজন বিমান চলাচল বিশেষজ্ঞ বাংলানিউজকে বলেন, যাত্রীদের অগ্রাধিকার বিবেচনা না করে মন্ত্রী-উপদেষ্টাদের জন্য এ ধরনের উদ্যোগ পেশাদার এয়ারলাইন্সের কাছ থেকে কাম্য নয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর ছিল খুলনা ক্লাবের নির্বাচন। ক্লাবের আমন্ত্রণে যশোর হয়ে খুলনা যাবেন উপদেষ্টা গওহর রিজভী। আর তাই বন্ধ রুট সচল করার উদ্যোগ নিতে তোড়জোড় শুরু করলো রিজেন্ট এয়ারওয়েজ। উপদেষ্টা ও খুলনা ক্লাবের নির্বাচন উপলক্ষে যাওয়া বিশিষ্ট ব্যক্তিদের জন্য ২৭ ও ২৮ ডিসেম্বর বিশেষ ফ্লাইট চালু করে রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

দুই দিনে উপদেষ্টা ও খুলনা ক্লাবের অতিথিদের আনা-নেওয়া করে সন্তুষ্ট করে রিজেন্ট। যাত্রীদের বিষয়ে কোনো উদ্যোগ না থাকলেও উপদেষ্টার ব্যাপারে এই তোড়জোড়ের কারণ সম্পর্কে জানতে চাইলে রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বাংলানিউজকে বলেন, “তারা আগে থেকেই যশোর যেতে রিজেন্টে বুকিং দিয়েছিলেন। এরই অংশ হিসেবে তাদের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছি। অন্য কিছু নয়।”

প্রসঙ্গত, রিজেন্ট অভ্যন্তরীণ রুটে প্রতিদিন ১৮টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে ১০টি, ঢাকা-যশোর রুটে চারটি, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করে।

২২ ডিসেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগ মুহূর্তে রিজেন্ট এয়ারওয়েজের ড্যাশ-৮ উড়োজাহাজের ইঞ্জিন প্রচণ্ড গরম হয়ে যায়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, এ অবস্থায় এটি উড্ডয়ন করলে তা বিস্ফোরিত হতে পারতো।

বিকল হওয়া উড়োজাহাজ সচল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইঞ্জিনটি পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে। এর আগে রিজেন্টের প্রধান নির্বাহী বাংলানিউজকে জানিয়েছিলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে উড়োজাহাজটি সচল করা সম্ভব হবে।

এ বিষয়ে শনিবার রাতে ইমরান আসিফ জানান, জানুয়ারির শেষ নাগাদ উড়োজাহাজটি সচল হবে বলে আশা করছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২   
আইএইচ/আরআর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান