কুষ্টিয়া : কোচিং করতে রাজি না হওয়ায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছেন কলেজ অধ্যক্ষ।
এতে কমপক্ষে ১০ ছাত্র গুরুতর আহত হয়েছে। আহতদের পুলিশ লাইন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় ছাত্রদের ওপর এ অমানবিক নির্যাতন চালানো হয়।
এদিকে, ছাত্রদের ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষের অপসারণসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিভাবকরা।
এ বিষয়ে ছাত্র ও অভিভাবকদের অভিযোগ- বেশ কয়েকদিন ধরে অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহ ছাত্রদের কোচিং করতে চাপ সৃষ্টি করে আসছিলেন।
এতে শিক্ষার্থীরা অসম্মতি প্রকাশ করায় সকালে লাঠি দিয়ে বেধড়ক পেটান অধ্যক্ষ।
এ খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অন্য শিক্ষকরা সাংবাদিকদের ওপর চড়াও হন।
এ ব্যাপারে অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহের কাছে জানতে চাওয়া হলে তিনি ছাত্রদের প্রহারের বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনার পর কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা ঘটনাস্থলে গিয়েছেন। তিনি দোষী শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা : নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com