 |
ঢাকা: সিরীয় বাহিনী কর্তৃক তুর্কি জঙ্গি বিমান ভূপাতিত করার ঘটনা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাটো প্রধান। মঙ্গলবার অনুষ্ঠিত ন্যাটো সদস্য দেশগুলোর একটি জরুরি বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রামুসেন বলেন, ন্যাটো জোট এই ঘটনার কঠোরভাবে নিন্দা জানায়।
জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে তুরস্ক ন্যাটোর এই বৈঠক ডাকে। উল্লেখ্য তুরস্ক ন্যাটোর উল্লেখযোগ্য সদস্য। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তির অনুচ্ছেদ নং ৪ অনুযায়ী রাষ্ট্রী নিরাপত্তা হুমকির সম্মুখীন মনে করলে যে কোনো সদস্য রাষ্ট্র ন্যাটোর বৈঠক আহবান করতে পারে। বৈঠকে ন্যাটো তুরস্কের প্রতি সংহতি জানালেও পাল্টা কোনো ব্যবস্থা নেওয়ার ঘোষণা বৈঠকে দেওয়া হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এর আগে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের এক সভায় তুর্কি প্রধানমন্ত্রী বলেন যদি সিরীয় বাহিনী তুর্কি সীমান্তে আর কোনো শত্রুতামূলক আচরণ করে তবে তুরস্ক সামরিক উপায়েই এর জবাব দেবে। তবে সিরিয়া দাবি করে আসছে শুক্রবার তুর্কি বিমান তার আকাশসীমা লঙ্ঘণ করে। কিন্তু তুরস্কের দাবি, ‘যদিও তাদের নিরস্ত্র জঙ্গি বিমান অনিচ্ছাকৃতভাবে সিরীয় আকাশসীমায় ঢুকে পড়েছিলো, তবে ভূপাতিত হওয়ার সময় এটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিলো।’
এ প্রসঙ্গে তুর্কি প্রধানমন্ত্রী বলেন, কোনো সর্তকতা সংকেত না দিয়ে তাদের নিরস্ত্র বিমান ভূপাতিত করা আগ্রাসী এবং শত্রুতামূলক আচরণ। তিনি বলেন, এই অঞ্চলে সীমান্ত লঙ্ঘণ করা একটি স্বাভাবিক ব্যাপার। সাম্প্রতিক সময় সিরীয় হেলিকপ্টার পাঁচবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘণ করেছে বলেও এসময় উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর