 |
| ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: কৃষিভিত্তিক সামাজিক সংগঠন ‘অ্যাগ্রোবাংলার’ উদ্যোগে খাদ্য ভেজাল, কৃষিপণ্যে রাসায়নিক পদার্থের অপব্যবহার এবং মানব শাস্ত্রের জন্য মারাত্ত্বক ক্ষতিকর ফরমালিনের ব্যবহার আইন করে বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সম্মুখে বিশিষ্ট খাদ্য বিশেষজ্ঞ, সমাজকল্যাণ সংগঠন, রাজনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন হয়।
সুস্থ প্রজন্মের কাম্যে তাদের স্লোগান ছিল “ ফরমালিন নিষিদ্ধ কর, বিষমুক্ত কৃষিপণ্য ভেজালমুক্ত খাদ্য চাই” ।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা পুরো জাতির জীবন বিপর্যয়ের সঙ্গে জড়িয়ে থাকা নীরবঘাতককে রুখতে তীব্র ক্ষোভ প্রকাশ করে সবাইকে এখনই সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং সরকারের জোড়ালো পদক্ষেপ প্রত্যাশা করেন।
‘অ্যাগ্রোবাংলার’ প্রধান উপদেষ্টা প্রফেসর মাসুদ ইবনে রহমান বলেন, ‘পানি থেকে শুরু করে প্রতিটি খাদ্যদ্রব্যের সঙ্গে জীবননাশক ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে পরিস্থিতি আজ ভয়াবাহ রুপ নিয়েছে। খাদ্য আজ মানব জীবনের জন্য দানবে পরিণত হয়েছে ফলে ক্যান্সারের মতো মরণব্যাধির কবলে পরছে মানুষ। নতুন প্রজন্ম পরিণত হওয়ার আগেই বিকলাঙ্গ হচ্ছে। কিন্তু নীতি নির্ধারক সারির পক্ষ থেকে তেমন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। তিনি সরকারের সহায়তা কামনা করে সর্বোচ্চ আইন প্রণয়নের দাবি জানান।’
খাদ্য বিশেষজ্ঞ প্রফেসর ড. বেলাল বলেন, ‘মাছ, মাংশ, দুধ, শাকসবজি সবকিছুরই উৎপাদন থেকে শুরু করে এসব বিষক্রিয়ার ব্যবহার বিদ্যমান। দীর্ঘদিন সংরক্ষণ করে লাভবান হতে ব্যবসায়ীরা অবাধে আইনবিরোধী কাজে লিপ্ত হচ্ছে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এর ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করা প্রতিটি সচেতন মানুষের কর্তব্য।’
অ্যাগ্রোবাংলার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ সৈকত তার প্রতিক্রিয়ায় জানান, অ্যাগ্রোবাংলাকে অনেকেই কৃষিভিত্তক তথ্য পাওয়ার প্লাটফর্ম মনে করে। এটা কেবল তাই নয় সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অ্যাগ্রোবাংলা কার্যকরী ভূমিকা রাখতে সর্বাত্ত্বক চেষ্টা থাকবে সবসময়ই। যারই অংশ হিসেবে যত্রতত্র এসব ক্ষতিকর পদার্থ নিষিদ্ধের দাবিতে আজকার এই মানববন্ধন।
জাতীয়তাবাদী কৃষকদলের দপ্তর সম্পাদক এসকে সাদি বলেন, ‘মানুষের মৌলিক চাহিদার অন্যতম এ জায়গাটিতে সুষ্ঠ ও নিরাপদ ব্যবহারের দাবিতে আজ সংসদের সামনে দাড়িয়েছি। এটা কেবল অংশভিত্তিক চাহিদা নয় এর সঙ্গে সবার জীবন জড়িয়ে আছে তাই সংসদ সদস্য, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সবারই এ প্রতিবাদে একাত্নতা প্রকাশ করা উচিত।’
সায়েন্স ল্যাবরেটরির সাবেক মহাপরিচালক ড. ফরমাজুল হক বাংলানিউজের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘সরকারের কাছে আমরা শুধু অপরাধীর শাস্তি প্রত্যাশি নয়। এ বিভাগে সরকার সংশ্লিষ্ট যারা আছেন তাদের আরও বশি জ্ঞানসমৃদ্ধ হতে হবে। সাধারণ জনগোষ্ঠীকে পরিস্কার ধারণা দিতে বহুমুখী সতর্কতামূলক কর্মসূচির ব্যবস্থা নিতে হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের শীক্ষার্থীরা অবিলম্বে সরকারের সহাযোগিতা কামনা করে বক্তব্য রাখে।
বাংলাদেশ সময় : ০৩৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর