রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): টাকা না দেওয়ায় পিতার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে ছেলে। রোববার দিনগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ ।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সিকদার বাংলানিউজকে জানান, পাবই এলাকার জালাল মিয়া তার বাবা আতর আলীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন।
আতর মিয়া টাকা দিতে অস্বীকার করলে ছেলে জালাল মিয়া ক্ষিপ্ত হয়ে কেরোসিন ঢেলে টিনের বসতঘরে আগুন লাগিয়ে দেন।
আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ছুটাছুটি করে বেরিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে আতর মিয়ার দাবি।
আটক জালালকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই বিল্লাল।
বাংলাদেশ সময় : ২০০১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২
প্রতিবেদন: সাইফুল ইসলাম
সম্পাদনা: শায়লা শারমিন্দ, নিউজরুম এডিটর/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর