 |
| ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা : সরকার আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর রয়েছে। কিন্তু এই সরকারে প্রতি ৫ শতাংশও জনসমর্থন নেই বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের অন্যতম শরীকদল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহানগর ( দক্ষিণ) জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।
এরশাদ আরো বলেন, খাদ্যে ভেজালের কারণে মানুষ মারা যাচ্ছে। কিন্তু মানুষের প্রতি তাদের কোন নজর নেই।
তাদের একমাত্র নজর যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মা সেতু। যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে কিনা সন্দেহ আছে। আর পদ্মা সেতু নিয়ে সকলের মনে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন এরশাদ।
এরশাদ বলেন, এতদিন খাবারে ভেজাল ছিলো। এখন নোটেও ভেজাল। বাংলাদেশ ব্যাংকের টাকায় ভেজাল। তাহলে আমরা যাব কোথায়।দেশের নৈতিক অবক্ষয় হয়েছে। যেখানে যান অবক্ষয় হচ্ছে।
এরশাদ বলেন, মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আমরা ঘরে ঘরে যেতে পারলে ক্ষমতায় যেতে পারব। কাপাসিয়া উপনির্বাচন ও রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
কাজী জাফর আহম্মদ বলেন, রাজনীতির তুরুপের তাস এখন এরশাদের হাতে। যথা সময়ে দেখানো হবে।
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দু’টি দলের যারা ব্যর্থ হয় তারা গণতন্ত্রের কথা বলেন। কিন্তু ক্ষমতায় গেলে গণতন্ত্রের চর্চ্চা করেন না।
সভাপতি কাজী ফিরোজ রশীদ বলেন, খাদ্যে ভেজাল জাতিকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। খাদ্যে ভেজাল বন্ধে সংসদের আগামী অধিবেশনে জাতীয় পার্টির পক্ষ থেকে আইন প্রনয়ণের প্রস্তাব দেয়া হবে।
খাদ্যে রাসায়নিক দ্রব্য মিশ্রনকারীদের ফাঁসির বিধান করার দাবি জানিয়ে ফিরোজ রশীদ বলেন, মাদকে ছেয়ে গেছে দেশ। যখন যারা ক্ষমতায় আসে তারা মাদকের পৃষ্টপোষকতা করছে। ২২ বছর ধরে গণতন্ত্রের কথা বলে জাতিকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মদ, গোলাম হাবিব দুলাল, মোস্তফা জামাল হায়দার, জিয়াউদ্দিন বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, আব্দুল জব্বার, করিম উদ্দিন ভরসা, এসএম আলম, ফকির আশরাফ, উপদেষ্টা মন্ডলীর সদস্য মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
ইএস/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com