জয়পুরহাট: ১৭ দফা দাবি আদায়ে জয়পুরহাটে কর্মবিরতি, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ শিক্ষক সমিতি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সমাবেশ করেন শিক্ষকরা।
সমাবেশে অবিলম্বে শিক্ষানীতি বাস্তবায়ন, নন-এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও ভুক্ত করা, চাকরির বয়সসীমা বাড়ানো, চাকরি জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরীকরণসহ ১৭ দফা দাবি তুলে ধরা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি এজাজ উদ্দীন, সেক্রেটারি আফজাল হোসেন, শিক্ষক নেতা তাহেরা বেগম, আব্দুল মতিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ, নিউজরুম এডিটর