১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৪৭ এএম BDST banglanew24
11 Dec 2012   08:05:20 PM   Tuesday BdST
E-mail this

আদালত অবমাননায় শুরুতেই কাঠগড়ায় দাঁড় না করানোর সুপারিশ


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আদালত অবমাননার দায়ে কোনো ব্যক্তিকে শুরুতেই কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। সংসদে উত্থাপিত আদালত অবমাননা বিলে এমন বিধান রাখার সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৫৮তম বৈঠকে আদালত অবমাননা বিল-২০১১ নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. নূরুল ইসলাম সুজন, শেখ ফজলে নূর তাপস এবং ফজিলাতুন নেসা বাপ্পি বৈঠকে অংশ নেন।

কমিটি বলেছে, কাউকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে কারণ দর্শানো নোটিশ দিতে হবে। যদি ওই নোটিশের জবাবে আদালত সন্তুষ্ট না হয়, তবেই তাকে কাঠগড়ায় ডাকতে পারবে।
    
বৈঠক শেষে কমিটির সভাপতি এ সুপারিশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অবমাননার অভিযোগকারী আদালতের বাইরে অন্য কোর্টে তা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ব্যক্তি প্রধান বিচারপতির কাছে আবেদন করতে পারবে। এমন বিধান রাখার সুপারিশও করেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া বলেন, “গণমাধ্যমে প্রকাশিত খবরে ভিত্তিতে বা কারো আবেদনের ভিত্তিতে আদালত অবমাননার দায়ে কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়ে প্রস্তাবিত আইনে বিধান না রাখার জন্য কমিটি একমত হয়েছে।”

তিনি বলেন, “প্রথমে আদালতকে অভিযুক্ত ব্যক্তিকে কারণ দর্শানো নোটিশ দিতে হবে। আদালত যদি সন্তুষ্ট না হয়, তবে তাকে ডকে (কাঠড়গায়) দাঁড় করাতে পারে। সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক সবার জন্যই এ বিধান প্রযোজ্য রাখা হবে।”

সভাপতি আরো বলেন, “অনেক ক্ষেত্রে দেখা যায় যিনি অভিযোগ আনেন তিনিই বিচার করছেন। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কোর্ট পরিবর্তনের আবেদনের একটি বিধান রাখা প্রয়োজন।”

ফজলে রাব্বি মিয়া আরো বলেন, “কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়নি। এটা নিয়ে আরো আলোচনার প্রয়োজন। তবে আশা করছি, সংসদের আগামী অধিবেশনেই বিলটি পাসের জন্য উত্থাপন করা হবে।”

প্রসঙ্গত, গত বছরের ১৪ জুন বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। পরে এটি পরীক্ষা করতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। খসড়া আইনটি আরো পর্যালোচনা করতে পরে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির তৎকালীন সদস্য ও বর্তমান সভাপতি মো. ফজলে রাব্বী মিয়াকে উপ-কমিটির আহ্বায়ক করা হয়। উপ-কমিটির অন্য সদস্যরা হলেন-মো. নূরুল ইসলাম সুজন ও শেখ ফজলে নূর তাপস।

উপ-কমিটি প্রায় এক বছরে ধরে কাজ করে একটি রিপোর্ট স্থায়ী কমিটিতে উত্থাপন করে। আদালত অবমাননা বিল চূড়ান্তে উপ-কমিটি ভারত ও শ্রীলঙ্কা সফর করে দেশ দুটির আদালত অবমাননা সংক্রান্ত আইন পর্যালোচনা করে। এছাড়া কমিটি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামতও নেয়।

মঙ্গলবারের বৈঠকে বিলটি নিয়ে আলোচনা করতে বিশেষ আমন্ত্রণে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার, গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন, স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মরতুজা আহমেদ বৈঠকে অংশ নেন।

এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এসএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান