চট্টগ্রাম: গাড়ি ভাংচুর ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করায় চট্টগ্রাম সরকারি কলেজ হোস্টেল থেকে সাত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম সরকারি কলেজ হোস্টেল থেকে মিছিল সহকারে বের হয়ে কিছু শিবির কর্মী রাস্তায় দুটি সিএনজি চালিত অটো রিকসা ভাংচুর করে। এসময় পুলিশ ধাওয়া দিলে তারা হোস্টেলে ঢুকে পড়ে।
এরপর আবারো হোস্টেল থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়লে তারা পিছু হটে যায়। এরপর হোস্টেলে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে আটক করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন,‘চট্টগ্রাম সরকারি কলেজ হোস্টেল থেকে বের হয়ে রাস্তায় গাড়ি ভাংচুর করে শিবির কর্মীরা। এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সেখানে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে আটক করা হয়।‘
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) মো.ইমাম বাংলানিউজকে বলেন,‘ কলেজ হোস্টেল থেকে বের হয়ে সামনের রাস্তায় গাড়ি ভাংচুর ও পুলিশকে লক্ষ্ করে ইট-পাটকেল নিক্ষেপ করায় সাত শিবির কর্মীকে আটক করা হয়েছে। ওই সাত শিবির কর্মীকে থানা হেফাজতে রাখা হয়েছে।‘
মানবতা বিরোধী অপাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিল, সম্প্রতি কক্সবাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিনজনকে শিবির কর্মী দাবি করে ওই ঘটনার প্রতিবাদে জামায়াত ইসলামী সোমবার সারা দেশে হরতালের ডাক দেয়।
তবে জামায়াত ইসলামীর ডাকা হরতালে তেমন সাড়া মেলেনি চট্টগ্রামবাসীর। বন্দরনগরীতে সকাল থেকেই যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিল। স্কুল-কলেজসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানও খোলা ছিল।
বাংলাদেশ সময়:১৭১৭ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮ ২০১৩
এসজি/এমইউ/টিসি