বগুড়া: বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে নিরঞ্জন চক্রবর্তী ওরফে দিপু (২২) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রাত সোয়া ১০টার দিকে শহরের ঠনঠনিয়া শহীদ নগরে চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি স্বর্গের নেতৃত্বে ৬/৭ জন দুর্বৃত্ত ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুধবার বগুড়া সদর থানায় স্বর্গসহ ৭ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত কলেজছাত্র নিরঞ্জন বগুড়া শাহ্ সুলতান কলেজের এইচএইচসি পরীক্ষার ফলপ্রার্থী এবং শহরের কৈপাড়া হিন্দুপাড়া এলাকার খোকন চন্দ্র চক্রবর্তীর ছেলে।
এবিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মো. আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, পূর্ব শত্রতার জের ধরে পরিকল্পিতভাবে স্বর্গ তার সহযোগীদের নিয়ে বাড়ির কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিরঞ্জনকে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর