 |
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড কোম্পানির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছে। তাই, কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগে এ কোম্পানির শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হতো।
২৪ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নিয়মানুযায়ী, কোনো কোম্পানি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বা তার বেশি শেয়ার লভ্যাংশ দিলে সে কোম্পানি ‘এ’ ক্যাটাগরিভুক্ত হবে। আর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলে ওই কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটাগরিভুক্ত হয়ে যাবে।
উল্লেখ্য, জেনারেশন নেক্সট কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে জেনারেশন নেক্সট কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৯ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ২২ দশমিক ৬৪ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ-ফ্লো (এনওসিএফপিএস) ১ দশমিক ০০ টাকা।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম