ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নুর মিয়ারহাট এলাকা থেকে শাহজালাল (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ওই এলাকার একটি রেইন্ট্রি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহজালালের বাড়ি বড় মানিকা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মাঈনুল বাংলানিউজকে জানান, রোববার সকালে ওই এলাকার একটি রেইন্ট্রি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগনো একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরও জানান, এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর-eic@banglanews24.com