ঢাকা : সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় নেতারা শনিবার রাজধানীর শেরে বাংলানগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করবেন। সকাল ১১টায় জিয়ার মাজারে যাবেন তারা।
উক্ত পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক বিএনপিসহ ১৮ দলের ৯ নেতা বৃহস্পতিবার এবং ১ জন শুক্রবার জামিনে মুক্তি পান। তারা হচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও রুহুল কবির রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা কামরুজ্জামান রতন এবং এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
দুই মামলায় এর আগে মুক্তি পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও মির্জা আব্বাস, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এমপি ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় গত ১৬ মে বিএনপিসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা নিম্ন আদালতে গেলে আদালত তাদের জামিন না’মঞ্জুর করে জেলহাজতে পাঠান।
বাংলাদেশ সময় : ২২০০ ঘণ্টা, জুন ১৫, ২০১২
এমএম/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর