 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম : বৃষ্টির কারণে এক কাতারে দাঁড়িয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক বন্দিরা। বন্দিদের ওয়ার্ডে ওয়ার্ডে ইমাম গিয়ে ঈদের নামাজ পড়িয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা কারা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুল আলম বাংলানিউজকে বলেন, ‘কারাগারের ভেতরের মাঠে চার হাজার ১শ বন্দিকে একই কাতারে দাঁড় করিয়ে ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টির কারণে সেটা সম্ভব না হওয়ায় ইমাম সাহেবকে পাঠিয়ে ওয়ার্ডে, ওয়ার্ডে নামাজ পড়িয়েছি।’
তিন ভিআইপি বন্দি চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিটভুক্ত আসামি (অব.) মেজর লিয়াকত হোসেন, মোহসীন উদ্দিন তালুকদার এবং এনামুল হককেও একইভাবে নামাজ পড়ানো হয়েছে বলে তিনি জানান।
তিন ভিআইপি বন্দি কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পাচ্ছেন।
জেলার জানান, কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ১২ সদস্য সোমবার নামাজ আদায় করেননি। তবে হিযবুত তাহরীরের ১৫ জন জঙ্গি সোমবার ঈদের নামাজ আদায় করেছেন বলে তিনি জানান।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
সোমবার সকালে বন্দিদের সেমাই ও মুড়ি দেওয়া হয়েছে। দুপুরের খাবারে দেওয়া হচ্ছে- উন্নত মানের চালের সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতের ম্যানুতে আছে পোলাও, গরু অথবা খাসির মাংস, পান-সুপারি, মিষ্টি ও কোমল পানীয়।
বাংলাদেশ সময় : ১২২৪ ঘন্টা, আগস্ট ২০, ২০১২
আরডিজি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, / সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com