 |
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে যাচ্ছেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক মহাব্যবস্থাপক (মার্কেটিং) কেভিন স্টিল। ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগে তিনি ব্রিটিশ এয়ারওয়েজ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তবে বিমান চলাচল খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কেভিনকে নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিমান।
বেতন ভাতা ও অন্যান্য বিষয়ে কেভিনের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো গেলে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তাকে নিয়োগ দেওয়া হবে। বিমানের নির্ভরযোগ্য একাধিক সূত্র বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
নিয়োগ দেওয়ার আগে চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে তার সঙ্গে ভিডিও কনফারেন্স করবে বিমান। ওই কনফারেন্সেই বেতন-ভাতা চূড়ান্ত হবে।
সূত্র জানায়, কেভিন ব্রিটিশ এয়ারওয়েজের মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক, রাজস্ব উন্নয়ন মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। বিমান চলাচল খাতে তার ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ১০ বছরের বেশি সময় কাজ করেছেন তিনি। এছাড়াও তিনি ইতিহাদ এয়ারওয়েজের হেড অব ওয়ার্ল্ড সেলস হিসেবে দুই বছর কাজ করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের এরিক এয়ারওয়েজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।
এয়ারলাইন্সের স্থায়ী এমডি হিসেবে সর্বশেষ নিযুক্ত ছিলেন জাকীউল ইসলাম। গত ২০ এপ্রিল তিনি তার পদ থেকে ইস্তফা দেন। এর দু’দিন পরেই বিমান এই পদে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেয় সংস্থার পরিচালক (পরিকল্পনা) ক্যাপ্টেন শেখ নাসির উদ্দিন আহমেদকে।
গত ২৪ মে বিমান এমডি পদের জন্য দেশি-বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। আগ্রহী দেশি-বিদেশি প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও ছবিসহ আগামী ৩০ জুনের মধ্যে বিমানের প্রধান কার্যালয়ের ঠিকানায় আবেদন করতে বলা হয়।
এরপর ৪২ জন এই পদে আবেদন করেন। এই তালিকা থেকে ৯ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। তবে এই তালিকায় দেশি কাউকে রাখা হয়নি।
এরপর এখান থেকে তিন জনের একটি তালিকা করে বিমান। এই তালিকার শীর্ষে রয়েছেন কেভিন স্টিল। তার অভিজ্ঞতা ও বিশ্বের নামি দামি এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা দেখে বিমান কর্তৃপক্ষ তাকে পছন্দের তালিকায় এক নম্বরে রাখে।
এমডি নিয়োগ দিতে বিমান মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ করছে। বর্তমানে বিমানসচিব দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে আসলেই এ সংক্রান্ত কাজ দ্রুত শুরু করা হবে।
প্রায় ৮ মাসেও বিমানের এমডি পদ শূন্য থাকা প্রসঙ্গে বিমানমন্ত্রী বাংলানিউজের এক প্রশ্নের জবাবে বলেন, একজন ভালো ও দক্ষ লোককেই বিমানের এমডি হিসেবে দেওয়া হবে। এজন্য কিছুটা সময় লাগছে।
বর্তমানে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন বিমানেরই পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মোসাদ্দেক আহমেদ।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিমান সচিবকেই এই কমিটিতে রাখা হয়েছে। তিনি ও চেয়ারম্যানসহ কয়েকজন মিলেই বিষয়টি দেখভাল করছেন। অথচ এমডি নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পরিচালনা পর্ষদ বারবারই চেয়ারম্যানকে তাগিদ দিচ্ছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশি হোক কিংবা বিদেশি হোক একজন স্থায়ী এমডি ছাড়া একটি প্রতিষ্ঠান চলতে পারে না। ভারপ্রাপ্ত এমডি দিয়ে কাজ চালাতে গিয়ে অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। ভারপ্রাপ্ত হওয়ায় মোসাদ্দেক আহমেদ অনেক সিদ্ধান্ত ঝুলিয়ে রাখছেন। যা কিনা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
আইএইচ/আরআর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর; জুয়েল মাজহার,কনসালট্যান্ট এডিটর