নিপুন ভালো একজন কণ্ঠশিল্পী, যে সুযোগের অভাবে নিজেকে মেলে ধরতে পারে না। একটা সময় তাকে সহযোগিতা করে ইমন। এমনই এক মিষ্টি প্রেমের গল্পে এবার একসঙ্গে অভিনয় করছেন ইমন ও নিপুন।
নতুন এই ছবির নাম ‘শিউলিমণি’, পরিচালক সাদেক সিদ্দিকী। এ চলচ্চিত্রের বিষয়ে ইমন বাংলানিউজকে বলেন, ‘পরিচালক ও প্রযোজকের আগ্রহের কারণে এই ছবিতে অভিনয় করতে সম্মত হয়েছি।গল্পটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে।গল্প শোনার পর আমরাও কাজটি করতে আগ্রহী হই।’
ইমন আরো জানান, এই তো ভালোবাসা ছবিটি করতে গিয়ে আমার ও নিপুনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বেশ কজন পরিচালক এরই মধ্যে আমাদের জুটি করে ছবি তৈরির আগ্রহ প্রকাশ করেছেন।’
ইমন ও নিপুন অভিনীত প্রথম ছবি ‘এই তো ভালোবাসা’র শুটিং শেষে এখন ডাবিংয়ের কাজ চলছে। এই কাজটি নিয়েও দারুণ আশাবাদী তারা।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭,২০১২
এমকে/