 |
| ছবি:দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
শাহবাগ থেকে: পুলিশের ব্যারিকেডে কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনে কয়েক হাজার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলটি পুলিশ আটকে দেওয়ার পর শাহবাগ-টিএসসি সড়ক বন্ধ হয়ে গিয়েছিলো আগেই। দুপুর ২টা নাগাদ ব্যারিকেড ডিঙিয়ে শিক্ষকদের একাংশ শাহবাগ মোড়ে চলে এসে মূল সড়ক অবরোধেরও চেষ্টা চালান। তবে লাঠিপেটা করে তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয় পুলিশ।
এ সময় দিনাজপুর জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ কমপক্ষে ৫/৬ জন আহত হন।
এরপর ফের পরিস্থিতি শান্ত হয়ে আসে। তবে গণ-গ্রন্থাগারের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের সরে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং অনেক শিক্ষককেই রাস্তায় শুয়ে পড়তে দেখা গেছে।
দুপুর দু’টার পরপর বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মহাসচিব আব্দুর রহমান বাচ্চু বাংলানিউজকে জানান, স্মারকলিপি জমা দিতে হাতে গোনা ক’জন প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর প্রস্তাবে রাজি নন তারা। হয় সবাইকে একযোগে স্মারকলিপি জমা দিতে যাওয়ার সুযোগ দিতে হবে, নয়তো তাদের অবস্থানেই অনড় থাকবেন তারা।
এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি নিয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওয়ানা হয়। কিন্তু শাহবাগ মোড়ের কাছে কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনে তাদের আটকে দেয় পুলিশ।
এ সময় শিক্ষকরা ব্যারিডেক ভাঙার চেষ্টা চালালে জলকামান ব্যবহার করে পুলিশ, বেধড়ক লাঠিপেটাও করে তাদের।
পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক পর্যায়ে পুলিশের রমনা জোনের এডিসি আনোয়ার হোসেন তাদের বলেন, ``সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখানে আসবেন না। শিক্ষকদের মনোনীত প্রতিনিধিকেই স্মারকলিপিসহ প্রধানমন্ত্রীর দপ্তরে পৌছে দেওয়া হবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।``
কিন্তু আন্দোলনরত শিক্ষকরা পুলিশের ওই আহবান নাকচ করে দেন।
চাকরি জাতীয়করণের দাবি মেনে না নিলে বিকেল তিনটায় লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা দেবেন বলে এর আগেই জানিয়েছিলেন তারা।
উল্লেখ্য, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পৃথক চারটি সংগঠন সোমবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় রাতে শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর