 |
চট্টগ্রাম: যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা বিরোধী আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের মুক্তিযুদ্ধের সপক্ষের বিশিষ্ট নাগরিক ও মুক্তিযুদ্ধে স্বজন হারানোরা।
কেউ কেউ বলেছেন, এতে রাজনীতির গন্ধ আছে। আবার কেউ বলেছেন, এ বিচার জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।
মঙ্গলবার ঢাকায় মানবতা বিরোধী আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে সংঘটিত পাঁচটি অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন।
এরপর প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে ঘাতক দালাল বিরোধী আন্দোলনের শীর্ষ নেত্রী ও শহীদ জায়া বেগম মুশতারি শফি বাংলানিউজকে বলেন, `তিন-চার`শ মানুষের খুনীকে শুধুমাত্র কয়েক বছরের কারাদন্ড দিল আদালত। এটা কি জাতির সঙ্গে তামাশা ? একজন মানুষ মারলে আদালত ফাঁসি দেয় আর এতগুলো লোককে মেরে কাদের মোল্লা পার পেয়ে গেল ? এসব তামাশা জাতির সঙ্গে করা উচিৎ হচ্ছেনা।`
মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, `এ রায়ে হতাশ হয়েছি। এতে আমি রাজনীতির গন্ধ পাচ্ছি। প্রসিকিউশন টিমও খুব দুর্বল বলে একাধিবার বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল। রায়ে সেটা প্রমাণ হয়েছে।`
তিনি বলেন, `তবে রায়ে একটি বিষয় পরিস্কার হয়েছে, জামায়াত সেসময় লুটপাট, গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল। কারণ, কাদের মোল্লা জামায়াতের নেতা। তার বিরুদ্ধে কিছু অভিযোগ প্রমাণ হয়েছে বলেই কারাদন্ড হয়েছে।`
কাদের মোল্লার বিচারের রায়ে চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামান। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, `বর্তমান সরকার তাদের কোন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। সীমান্ডে বিএসএফ`র বর্বরতার প্রতিবাদ জানাতে পর্যন্ত এ সরকার ব্যর্থ হয়েছে। এরপরও আমরা ধৈর্য ধারণ করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেখার জন্য। কিন্তু রায়ে আমি চরমভাবে হতাশ হয়েছি। আমি প্রচন্ড ক্ষুব্ধ।`
শহীদের সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.গাজী সালেহউদ্দিন বাংলানিউজকে বলেন, `বাচ্চু রাজাকারের যদি ফাঁসি হতে পারে, তাহলে কাদের মোল্লার কেন ফাঁসি হবে না ? বাচ্চু রাজাকারের চেয়ে কাদের মোল্লা অনেক বেশি অপরাধ করেছে ?`
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর বাংলানিউজকে বলেন, `রায়ে হতাশ হয়েছি,ক্ষুব্ধ হয়েছি। এ রায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করেনি।`
সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান বাংলানিউজকে বলেন, `কাদের মোল্লার মত একজন কুখ্যাত রাজাকারের ফাঁসি হবে, এটাই ছিল মানুষের প্রত্যাশা। যে রায় হয়েছে, তাতে আমরা খুশী তো হতে পারিনি, এটা একাত্তরে শহীদ এবং স্বজন হারানোদের অপমান করার শামিল।`
মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম`৭১ এর চট্টগ্রাম বিভাগীয় পিপি অ্যাডভাকেট আইয়ূব খান বাংলানিউজকে বলেন, `এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করা উচিৎ। এটি কোন রায় হয়নি। আমরা যারা মুক্তিযুদ্ধে স্বজন হারিয়েছি, আমরা বিচার পাইনি।`
এদিকে যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া রায়ে হতাশা প্রকাশ করে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ।
বাংলাদেশ সময়: ১৩ ৩৭ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
আরডিজি/টিসি