চট্টগ্রাম: চারদিন বন্ধ থাকার পর সোমবার দুপুরে চট্টগ্রাম কাস্টমসে পানি সংযোগ দিয়েছে ওয়াসা।
চট্টগ্রাম সংযোগ লাইনে সমস্যার কথা বললেও কেবল গেইট বাল্ব চালু করাতেই পানি সংযোগ চালু হয়েছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, এতে প্রমাণ হলো কর্ণফুলী প্রকল্পের জন্য আমদানি করা পাইপের ১৪ কোটি টাকা শুল্ক কম দেওয়ার প্রস্তাব না মানাতেই পানি সংযোগ বন্ধ করা হয়েছিল।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, পানি সংযোগ বন্ধ হওয়ার পর ওয়াসা কতৃপক্ষকে জানানো হলে তারা রাস্তা খুঁড়ে সমস্যা দেখতে হবে বলে জানায়।
তবে সোমবার সমস্যা চিহ্নিত করতে কোনো প্রকৌশলী আসেনি। কেবল একজন কর্মচারী পাঠানো হয়। তিনি গেইট বাল্ব চালু করা মাত্র পানি সংযোগ চালু হয়।
তিনি বলেন, ‘কি কারণে পানি সংযোগ বন্ধ ছিল তা সংযোগ চালু করতে আসা কর্মচারী থেকে লিখিত নেওয়া হয়েছে। সেখানে তিনি লাইনে কোনো সমস্যা নেই উল্লেখ করেছেন।’
কেবল গেইট বাল্ব বন্ধ থাকার কারণেই কাস্টমসে পানি সংযোগ বন্ধ ছিল।
মাহমুদুল আরও বলেন, ‘একটি সরকারি প্রতিষ্ঠান আরেকটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরণের আচরণ অনাকাঙ্খিত। ওয়াসা ইচ্ছে করেই যে সংযোগ বন্ধ করেছে তা বুঝা যায়।’
তিনি বলেন, ‘পানি সংযোগের গেইট বাল্ব কোথায় আছে তা ওয়াসার লোকজন ছাড়া কেউ জানার কথা নয়।’
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মে ২৯, ২০১২
এমইউ/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর