ঢাকা: মিশরের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। সঙ্কটাপন্ন শারীরিক অবস্থার প্রেক্ষাপটে ইতিমধ্যেই তার মৃত্যু নিয়ে নানা রকম খবর ছড়াতে শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
জানা যায়, ৮৪ বছর বয়সী মোবারক স্ট্রোক করায় তাকে কারাগার থেকে সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা হিসেবে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে।
গত বছরই ক্ষমতা থেকে উৎখাত হয় হোসনি মোবারক। পরে তার বিরুদ্ধে আনা বিদ্রোহীদের হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
বিচার চলাকালেই তার অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়াচ্ছিল সংবাদ মাধ্যমগুলো। তবে তার সবগুলোই পরে ভুল বলে প্রমাণিত হয়।
উল্লেখ্য, সামরিক হাসপাতালে স্থানান্তরের পর থেকে এখনো পর্যন্ত মোবারকের মৃত্যু নিয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর