নিউইয়র্ক থেকে: নির্বাচনী জ্বরের মাঝে স্যান্ডি ঝড়ে আক্রান্ত আমেরিকা। নিউইয়র্ক সিটি এখন বড় একটি ঝড়ের আঘাতের জন্য প্রস্তুত। নগরবাসীর জন্য রোববার ছুটির দিনটি শুরু হয় ঝড়ের পূর্বাভাস দিয়ে। হালকা ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে অনেক আগেই। সন্ধ্যার পরপরই ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে নিউইয়র্ক। রাস্তাঘাটে গাড়ি চলাচল নেই বললেই চলে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় রোববার সকালে কনকনে হাওয়ার মধ্যেই হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েন। গন্তব্য খাবারের দোকান। শীতের কাপড়ের দোকানগুলো। অধিকাংশ দোকানেই ভিড় লেগে যায়। ঝড়ের প্রস্তুতি হিসেবে পানি, খাবার নিয়ে তারা ফিরে যান ঘরে। বেলা যতই বাড়তে থাকে এই ভিড় বাড়ে। তবে ভীড় কমতে শুরু করে বিকেলের পর থেকেই। রাস্তা ঘাট খালি হতে থাকে। এরই মধ্যে ঘোষণা হয় সন্ধ্যা ৭টার পর বন্ধ হয়ে যাবে মেট্রোরেল সার্ভিস। রাত ৯টার পরে চলবে না মেট্রোবাসের সার্ভিসও। গভর্নর অ্যান্ড্রু কুমো এই ঘোষণা দিয়েছেন।
ফলে ঝড়ের আগেই ঝড়ের গতিতে মানুষ যে যার ঘরে ছুটতে শুরু করেন। সন্ধ্যা নামতেই গোটা নিউইয়র্ক পরিণত হয় ভুতুরে নগরীতে। সন্ধ্যার দিক থেকেই অবশ্য বাতাসের ঝাপটা লাগতে শুরু করেছে। নিম্নাঞ্চল থেকে ৩ লাখ ৭৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল, কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কয়েকটি রাজ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঝড়ে এসব রাজ্যের কমপক্ষে ৬ কোটি মানুষ আক্রান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক সিটি মেয়র মাইক ব্লুমবার্গ সংবাদ সম্মেলন করে বলেছেন, এটি একটি মারাত্মক ও বিপজ্জনক ঝড় হতে যাচ্ছে।
ঝড় নিউইয়র্কের স্থানীয় সময় রোববার দিবাগত রাত ৩টার দিকে আঘাত হানবে দক্ষিণ পশ্চিম নিউজার্সির টেনেক শহরের কাছাকাছি এলাকায়। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় এই রিপোর্ট লেখার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল নিউইয়র্ক থেকে ৫০০ মাইল দূরে অবস্থান করছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেন স্যান্ডির আঘাতের প্রভাবে নিউইয়র্ক সিটিতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। ২ থেকে ৫ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলোচ্ছ্বাসে ম্যানহাটানের অর্থনৈতিক কেন্দ্র ব্যাটারি পার্ক ও গ্রাউন্ড জিরো এলাকা, কুইন্সের লং আইল্যান্ড সিটির অংশবিশেষ, রকওয়ে, ব্রুকলিনের রেডহুক এলাকা কয়েক ফুট পানির নিচে চলে যাওয়ার আশংকা করা হচ্ছে।
সিটির নিম্নাঞ্চলের ব্রংকসের থ্রগনেক এলাকার অধিবাসী বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী জাকির খান ও তার পরিবারও নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। তিনি বাংলানিউজকে বলেন, হারিকেন আইরিনের সময় যতটা উদ্বিগ্ন ও ভীতসন্ত্রস্ত ছিলাম ততটা এবার নই। তবে সময় মতো তথ্য জানতে পেরে নিরাপদে সরে আসার জন্য যথেষ্ট সময় পেয়েছি। রোববার দুপুরেই ওই এলাকায় ঘরে ঘরে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসিন্দাদের নিরাপদে সরে যেতে সহায়তা করে বলেও জানান তিনি।
লংআইল্যান্ড এলাকায় ৭ থেকে ১১ ফুট পানি উঠে যেতে পারে এমন আশংকা করা হচ্ছে। এমনটা ঘটলে ব্রংকস এলাকায়ও ৪ থেকে ৫ ফুট পানি উঠে যেতে পারে। তাতে তার নিজের ঘরেও অন্তত ১ ফুট পানি ঢুকে পড়বে বলে আশঙ্কা করছেন জাকির খান।
লং আয়ল্যান্ডে অধিবাসী বাঙালি চিকিৎসক ড. মোহাম্মদ নাঈম বাংলানিউজকে বলেন, "বড় ধরনের ঝড়ের আশংকায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সকাল থেকেই পর্যাপ্ত খাবার ও পানির মজুদ নিশ্চিত করেছি। সন্ধ্যার পর পরই এখানে লোকজন সব ঘরে ঢুকে পড়েছেন।"
তিনি বলেন, লং আয়ল্যান্ডে প্রধান সমস্যা হবে জলোচ্ছাস। ১০-১২ ফুট পর্যন্ত পানি উঠে যেতে পারে। সমুদ্রের কাছাকাছি যারা থাকেন তাদের এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। লং আয়ল্যান্ডের এই অঞ্চলে কয়েকশ বাঙালির বাস বলেও জানান তিনি।
নিউজার্সিতে বসবাসকারী বাঙালি প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বাংলানিউজকে বলেন, "সব ধরনের প্রস্তুতি নিয়েছি। দুপুরের দিকেই দোকানে গিয়ে দুধ পাওয়া যায়নি। বাজারে মোমবাতিও পাওয়া যাচ্ছে না।"
বিকল্প বিদ্যুতের জন্য একটি জেনারেটর কিনেছেন বলেও জানান ইব্রাহীম খোকন।
তিনি আরও জানান, নিউজার্সির আটলান্টিক সিটি এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত দুই হাজার বাঙালি পরিবার রয়েছে। অনেকেই নর্থ বান্ডউইকএলাকায় আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন।
এদিকে, ঝড়ের কারণে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী তাদের নির্বাচনী ক্যাম্পেইনের কর্মসূচিতে পরিবর্তন এনেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা ঘূর্ণিঝড় স্যান্ডিকে ধীরগতির ভয়াল কিছু বলেই উল্লেখ করেছেন। এবং বলেছেন দেশের জন্য অতিরিক্ত একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে এই ঝড়। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)র সঙ্গে বৈঠক শেষ করে ওবামা বলেন, "এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালোভাবে এবং দ্রুততার সঙ্গে কিছু করা।"
সাইক্লোন স্যান্ডি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নে ওবামা বলেন, "আমরা এখনি তা মনে করছি না। তবে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।"
রিপাবলিকান প্রার্থী মিট রমনি ভার্জিনিয়ায় তার নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। সেখান থেকে তিনি ওহাইওর পথে রওয়ানা দিয়েছেন।
উল্লেখ্য, একসপ্তাহ ধরে ক্যারিবীয় দেশগুলোতে একের পর এক আঘাত হেনে এবার যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে হারিকেন স্যান্ডি। এর আঘাতে ক্যারিবীয় দেশগুলোতে অন্তত ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
বাংলাদেশ সময় ০৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২
এমএমকে; সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com