 |
ঢাকা: ইউরো জয়ী স্পেন দলের সদস্য ও ভালেন্সিয়ার অ্যাটাকিং লেফটব্যাক জর্ডি অ্যালবা বার্সেলোনায় যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার মেডিকেল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ২৩ বছরের এই লেফটব্যাক পাঁচ বছরের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন। ১৪ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে কাতালান শিবিরে যোগ দেন তিনি। তবে অ্যালবার সঙ্গে বার্সেলোনার চুক্তির শর্তমূল্য ৯০ মিলিয়ন ইউরো বলে ক্লাবটির ওয়েবসাইটে জানানো হয়েছে।
রোববার ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইতালির বিপক্ষে স্পেনকে জেতাতেও ভূমিকা রাখেন ভ্যালেন্সিয়ার এই লেফটব্যাক। ম্যাচের চার গোলের একটি ছিল অ্যালবার।
লিগ শিরোপা জয়ে ব্যর্থ কাতালানরা আগামী মৌসুমের জন্য শক্তিশালী দল গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর পেপ গার্দিওলার উত্তরসূরী নতুন কোচ টিটো ভিলানোভার অধীনে অ্যালবাই হচেছ চলতি গ্রীষ্মে বার্সার প্রথম সংগ্রহ।
২০১৩‘র জুনে ভ্যালেন্সিয়ার সঙ্গে অ্যালবার চুক্তির মেয়াদ শেষ হলেই বার্সায় যোগ দেবেন অ্যালবা। তবে কাতালান শিবিরে এবারই প্রথম নন অ্যালবা। বার্সার বিখ্যাত লা মাসিয়া ইয়ুথ অ্যাকাডেমিতে সাত বছর ছিলেন (১৯৯৮-২০০৫) কাতালান শহর এল’হসপিতালেটে জন্মগ্রহন করা এই লেফটব্যাক। এরপর স্থানীয় কর্নেলা ক্লাবের হয়ে খেলার পর ২০০৭ সালে ভ্যালেন্সিয়ায় যোগ দেন তিনি।
২০০৮/’০৯ মৌসুমে সেনগুদা ‘বি’ লিগে উন্নীত ভ্যালেন্সিয়ার রিজার্ভ বেঞ্জের এই খেলোয়াড় একই মৌসুমে ধারে (লোন-এ) জিমন্যাস্টিক তারাগোনার হয়ে খেলেন। পরবর্তীতে ভ্যালেন্সিয়ায় ফিরেই কোচ উনাই এমেরির একাদশের নিয়মিত সদস্যে পরিণত হন। ভ্যালেন্সিয়ায় তিন মৌসুমে ৭৪টি লিগ ম্যাচ খেলে পাঁচটি গোলও করেন ২৩ বছরের এই ফুটবলার। যেটা তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২০১২
এএইচবি