 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
কুষ্টিয়া: কুষ্টিয়ায় ক্লিনিকের টাকা পরিশোধের জন্য নবজাতক বিক্রি করে দেওয়ার খবর বাংলানিউজ থেকে জেনেছিলেন লন্ডনপ্রবাসী ছাত্র আবু তারেক এলাহি শাওন। পরিবারটির জন্য তিনি ১০ হাজার টাকা পাঠিয়েছেন।
শিশুটির বাবা-মা বাংলানিউজের কাছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলানিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরিফ বিশ্বাসের কাছে পাঠানো ১০ হাজার টাকা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক বনমালী ভৌমিক আনুষ্ঠানিকভাবে ওই নবজাতকের মা কনা বেগমের হাতে তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার সিভিল সার্জন তরুণ কান্তি হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমান, বাংলানিউজ প্রতিনিধি শরিফ বিশ্বাসসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ।
উল্লেখ্য, গত ৩১ জুলাই বাংলানিউজে ‘নবজাতক বিক্রি করে ক্লিনিকের টাকা শোধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশ থেকে অনেকেই ওই নবজাতকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার হচ্ছা প্রকাশ করেন।
তাদের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়ে শিশুটির বাবা মজনুর রহমান ও মা কনা বেগম প্রিয় সন্তান বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এদিকে, শিশুটির ভবিষ্যতের কথা ভেবে জেলা প্রশাসক বনমালী ভৌমিক শিশুর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com