ঢাকা: রাজধানীতে এবার স্ত্রীর হাতে গোলাম মওলা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে হাজারীবাগের সনাতন গড় এলাকার রানা বেকারী গলির ৫৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক গাজী শাহিদুর রহমান জানান, বৃদ্ধ গোলাম মওলার তৃতীয় স্ত্রী হচ্ছে শেফালী বেগম (৪৫)। পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী মওলা লাঠি দিয়ে আঘাত করলে স্ত্রী শেফালীর মাথা ফেটে যায়। এতে সে ক্ষিপ্ত হয়ে স্বামীর নিম্নাঙ্গ চেপে ধরলে ঘটনাস্থলেই গোলাম মওলা মারা যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শেফালী বেগমকে আটক করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে এসেছে। নিহত গোলাম মওলার লাশও বর্তমানে থানায় রয়েছে।
পুলিশ আরো জানায়, সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ ঘটনায় শেফালী বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও থানা থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ২৪, ২০১২
এমকে/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর