 |
কানাডা প্রবাসী নাট্য-নির্মাতা ও সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু দেশে ফিরেছেন। দুই সপ্তাহ তিনি দেশে অবস্থান করবেন। এরপর ফিরে যাবেন কর্মস্থল কানাডায়। কানাডার বাংলাদেশি কমিউনিটিতে তিনি বেশ জনপ্রিয়। তার সম্পাদনা কানাডায় প্রকাশিত হচ্ছে ‘বেঙ্গলি টাইমস’।
শহিদুল ইসলাম মিন্টু একাধারে সাংবাদিক, লেখক, নির্মাতা ও সংগঠক। দৈনিক আজকের কাগজ ও বাংলাবাজার পত্রিকাসহ দেশের একাধিক পত্রিকায় পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশের বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআর)-এর সভাপতি হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। বেটা ফরম্যাটে টেলিফিল্ম ‘দেবদাস’ সহ আরো বেশ কিছু টিভিনাটকও নির্মাণ করেছেন দেশে অবস্থান কালীন সময়ে।
২০০৫ সালে সপরিবারে কানাডায় অভিবাসী হবার পর শহিদুল ইসলাম মিন্টু টরন্টো ফিল্ম স্কুল থেকে ডিজিটাল ফিল্মমেকিং এর উপর ডিপ্লোমা করেন। ২০০৯ সালে টরন্টোর সেনেকা কলেজের প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং ইন জার্নালিজম কোর্স করেন। ২০০৮ সালের ১ জুলাই প্রকাশ করেন নতুন ধারার অনলাইন বাংলা সাপ্তাহিক ‘বেঙ্গলি টাইমস’, যা ’দ্য বেঙ্গলি টাইমস ডটকম’ নামে সর্বাধিক পরিচিত।
কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন শহিদুল ইসলাম মিন্টু গত দুই বছর ধরে। কানাডিয়ান ইন্টারনেট রেজিষ্ট্রেশন অথরিটি ও ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার সদস্য শহিদুল ইসলাম মিন্টু বললেন, কানাডা-বাংলাদেশের যৌথ বিনিয়োগে দেশে স্বতন্ত্র আইটি ভিলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের জন্যে এই আসা। পাশাপাশি চলচ্চিত্র ও টিভি মিডিয়া নিয়েও বেশ কিছু পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সময় ১৩২০, জুন ১২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক