নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার সমনগরে বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে তোরাব আলী (৩৮) নামে ডাকাতি মামলায় পলাতক এক আসামির মৃত্যু হয়েছে।
তোরাব আলী নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর গ্রামের গাজীর ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি বছরের মার্চ মাসে সমনগর গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় তোরাব আলীসহ বেশ কয়েক জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করলেও তোরাব আলী পলাতক ছিলেন।
ওসি আরও জানান, বুধবার দুপুরে তোরাব আলী সমনগর এলাকায় গেলে এলাকার লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর