ঢাকা: তত্ত্বাবধায়ক ব্যবস্থায় নির্বাচন না করে আগামী নির্বাচন নিয়ে সরকার যে অবস্থান নিয়েছে, এর সমাধান না হলে দেশে আবারও তৃতীয় শক্তির আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কনফারেন্স রুমে বিকল্প যুবধারা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দেওয়া সংক্রান্ত যে রায়টি দেওয়া হয়েছে, তার মূল ব্যাখ্যা জনগণ জানতে চায়। সরকারের উচিত, জনসমক্ষে রায়টি প্রকাশ করা।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘‘আগে বলেছেন, এই সরকারের অধীনেই নির্বাচন হবে। আবার যুক্তরাজ্যে গিয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে অন্তবর্তী সরকারের প্রস্তাব দিলেন। তাহলে কি কথা ঘুরে গেল? এভাবে চলতে থাকলে বিরোধী রাজনৈতিক দলগুলো চাইবে, দেশে অন্য একটি শক্তি আসুক। দেশ ক্রমাগত নিচের দিকে চলে যাচ্ছে। তাই দ্রুত ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণকে রেহাই দিন।’’
ইফতার মাহফিলের বিশেষ অতিথি বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেন, ‘‘এই সরকার দেশকে এগিয়ে না নিয়ে আরো পিছিয়ে দিয়েছে। প্রথমে সরকারকে প্রশংসা করেছি। সময় দিয়েছি। এখন বলতে বাধ্য, হচ্ছি তাড়াতাড়ি বিদায় নিন।’’
বিকল্প যুবধারা বাংলাদেশের আহ্বায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য অধ্যাপক ড. নূরুল আমীন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন, অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এআই/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর